August 25, 2026, 3:57 am

মোহাম্মদপুরে ইমিগ্রেশন পুলিশের এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩ সেলাই

মোহাম্মদপুরে ইমিগ্রেশন পুলিশের এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩ সেলাই

রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) ওসমান গনিকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে কাদেরাবাদ হাউজিং-এর মেইন রোডে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওসমান গনিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে স্থানান্তর করা হলে চিকিৎসক তার পিঠে ৪৩টি সেলাই দেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার পুরো পিঠ জুড়ে ক্ষত তৈরি হয়েছে।

থানা সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানার এসআই মো. ফেরদৌস ঘটনাস্থলে গিয়ে ওসমান গনিকে হাসপাতালে নিয়ে যান। এর আগে, ২২ জুলাই সকালে অজ্ঞাতনামা তিন ব্যক্তি ওসমান গনির বাসার সামনে এসে তার সঙ্গে পাসপোর্টের বিষয়ে কথা বলেন। হামলার সঙ্গে এই তিন ব্যক্তি জড়িত থাকতে পারেন বলে ধারণা করছেন তিনি।

ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, এটি ছিনতাইয়ের ঘটনা নয়। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে মনে হয়েছে এটি পূর্ব শত্রুতার জেরে ঘটতে পারে। হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আহত পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এসি মামুন জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে স্ত্রী ও একমাত্র সন্তানকে সঙ্গে নিয়ে কাঁচাবাজার থেকে বাসায় ফিরছিলেন এসআই ওসমান গনি। এ সময় পেছন থেকে অজ্ঞাত এক দুর্বৃত্ত তার পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবউজ্জামান তালুকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি এবং তদন্ত চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা