পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ এক হিজড়া মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার নাকুরগাছী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হিজড়া নাকুরগাছী এলাকার মোঃ সমির উদ্দিনের ছেলে মোঃ হাফিজুল ইসলাম (৩৮)। ওই এলাকার একাধিক প্রতিবেশী বলেন, হাফিজুলের স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও তিনি হিজড়ার অভিনয় করে ট্রেন, বাস, হাট-বাজারে টাকা চেয়ে বেড়ান। একদল হিজড়া তার বাসায় দিন-রাত অবস্থান করে। সেই সঙ্গে অনৈতিক কার্যকলাপের পাশাপাশি তিনি মাদক ব্যবসাও করতেন বলে জানান তারা।
জেলা ডিবির ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে ডিবি কার্যালয়ের এসআই শাখওয়াত হোসেন, এসআই মোঃ আব্দুল্লাহ আল নোমান, এএসআই মোঃ সোহেল রানাসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে হাফিজুলের বাসার দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তার হেফাজতে থাকা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জয়পুরহাট জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জেলাব্যাপী এ ধরনের কার্যকর অভিযান অব্যাহত থাকবে।