পেটের মেদকে অনেকেই হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকির কারণ হিসেবে মনে করেন। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, পেটের অতিরিক্ত চর্বি মস্তিষ্কের স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং স্মৃতিভ্রংশের ঝুঁকি বাড়াতে পারে।
বিশেষজ্ঞদের মতে, পেটের গভীরে জমে থাকা ভিসেরাল ফ্যাট শরীরে প্রদাহ, হরমোনের ভারসাম্যহীনতা এবং বিপাকজনিত সমস্যা সৃষ্টি করে। এর ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি কমে যাওয়া, মনোযোগের ঘাটতি এবং জ্ঞানীয় সক্ষমতা হ্রাস পেতে পারে।
ইমিউন নেটওয়ার্ক সাময়িকীতে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, অন্ত্রের উপকারী অণুজীব মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিসেরাল ফ্যাটের কারণে মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে যায়, যা স্নায়ুকোষের স্বাভাবিক যোগাযোগে বিঘ্ন ঘটায়।
গবেষণায় দেখা গেছে, মধ্যবয়সে যাদের কোমরের মাপ বেশি, তাদের পরবর্তী জীবনে আলঝেইমারসসহ বিভিন্ন ধরনের ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। অতিরিক্ত পেটের মেদ মানসিক স্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ, নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ ভিসেরাল ফ্যাট কমাতে সাহায্য করতে পারে। এতে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমবে এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বজায় থাকবে।