এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলার সকল সরকারি দপ্তর ও সিটি কর্পোরেশন প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র্যালির কর্মসূচির আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। এ উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখা থেকে ২৩ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, জেলা ও সিটি কর্পোরেশন পর্যায়ের সকল সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, ভবনের ছাদ, ড্রেন, বাগান, জলাধার, অব্যবহৃত স্থান এবং আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধ এবং সেবাগ্রহীতাদের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
কর্মসূচি অনুযায়ী, ২৬ জুলাই ২০২৬, রবিবার সকাল ১০টায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিন্ন ব্যানার, টি-শার্ট ও টুপি পরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে। এরপর সকাল ১০টা ৩০ মিনিটে জেলার সকল সরকারি দপ্তর ও অন্যান্য প্রতিষ্ঠান নিজ নিজ কার্যালয়ের ছাদ, আঙিনা ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে এবং মশার প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির জেলা প্রশাসনের সকল দপ্তরপ্রধানকে নির্ধারিত তারিখ ও সময়ে কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।