August 26, 2026, 5:59 am

বাংলাদেশ-সৌদি বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে নতুন উদ্যোগ

বাংলাদেশ-সৌদি বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে নতুন উদ্যোগ

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে নতুন উদ্যোগ নেয়া হচ্ছে। সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই) এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসএবিসিসিআই’র একটি প্রতিনিধি দল এসব উদ্যোগের কথা তুলে ধরে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এসএবিসিসিআই’র সভাপতি আশরাফুল হক চৌধুরী।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি বাংলাদেশ-সৌদি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে এসএবিসিসিআইর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তারা সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এসএবিসিসিআইর উদ্যোগের প্রশংসা করে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মন্ত্রণালয়ের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, ‘দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং দক্ষ জনশক্তি সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে।’

এছাড়া, সৌদি বাজারে বাংলাদেশের নারী উদ্যোক্তা, সৃজনশীল শিল্প, হস্তশিল্প এবং বহুমুখী পাটজাত পণ্যের প্রসারের ওপরও গুরুত্ব দেন তিনি। সাক্ষাৎ শেষে এসএবিসিসিআইয়ের প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও এগিয়ে নিতে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা