সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব রায়হান উদ্দিন রিপনকে জড়িয়ে সম্প্রতি ‘সিলেটের সংবাদ’ নামের একটি অনলাইন পোর্টালে যে ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশিত হয়েছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
তিনি উল্লেখ করে বলেন, সংবাদকর্মীরা জাতির বিবেক, সমাজের আয়না। তাঁদের বস্তুনিষ্ঠতার ওপর দেশ, জাতি, সমাজ এবং সমাজের মানুষের প্রত্যাশা অনেক। কিন্তু সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করে কোনো দুষ্টচক্রের প্ররোচনায় অন্যায়ভাবে কোনো নিরীহ, নিরপরাধ মানুষের চরিত্রহননের চেষ্টা করা হলে জাতি কখনো তা ক্ষমা করবে না।
তিনি তাঁর নামে প্রকাশিত কাল্পনিক ও মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরও উল্লেখ করেন, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ ও তথ্য উপস্থাপন করা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। কোনো কুচক্রী মহলের প্ররোচনায় একজন সংবাদকর্মী নীতিভ্রষ্ট হয়ে এমন কাজ করতে পারেন না। সাংবাদিকদের প্রতি জাতির প্রত্যাশা অনেক বেশি। কাজেই, যে বা যারা তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন, তিনি এর কঠোর বিরোধিতা করেন।
দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা অনুসরণ না করে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের সংবাদ প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। অন্যথায় মানহানিকর ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।