August 16, 2026, 7:11 pm

বকশীগঞ্জে জলাবদ্ধতা পরিদর্শনে সাবেক মেয়র নজরুল

মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :

বকশীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড পশ্চিম পাড়া এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনের লক্ষ্যে সরেজমিনে এলাকা পরিদর্শন করেছেন বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে তিনি এলাকাটি ঘুরে ঘুরে জলাবদ্ধতার প্রকৃত চিত্র পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যার মূল কারণ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট পাইপলাইনের সংস্কার কাজ এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি এলাকাবাসীকে জানান, সমস্যাটি সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে যাতে ভবিষ্যতে আর জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে না হয়।

এ সময় স্থানীয় বাসিন্দারাও তাদের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা তুলে ধরেন। দীর্ঘদিন ধরে জমে থাকা পানির কারণে চলাচলে অসুবিধা, স্বাস্থ্যঝুঁকিসহ নানা সমস্যার কথা উল্লেখ করে তারা দ্রুত ও কার্যকর সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন।

এলাকাবাসী আশা প্রকাশ করেন, দ্রুত এই উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের এই জলাবদ্ধতা সমস্যা থেকে তারা স্থায়ী মুক্তি পাবেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা