মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :
জামালপুরের বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় সাড়ে ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় অবৈধ জাল সংরক্ষণের দায়ে শহীদ মিয়া নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে পৌর শহরের মধ্যবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন। অভিযানে সার্বিক সহযোগিতা করে বকশীগঞ্জ থানা পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, পৌর এলাকার মধ্যবাজারে শহীদ মিয়ার একটি দোকানে অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১০ হাজার টাকা। অবৈধ জাল সংরক্ষণের দায়ে শহীদ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ ছাড়া উপজেলার দশানী নদী ও নিলক্ষিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭১টি চায়না রিং জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা। জব্দকৃত এসব জালও পুড়িয়ে ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, “নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না রিং জাল ব্যবহারের ফলে মাছের প্রজনন ব্যাহত হয় এবং জলজ জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হয়। তাই মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।