যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ ফারুক হাসান। তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মো. শাহ আলম সিরাজের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে যবিপ্রবি আইন ২০০১ এর ১৩(১) ধারা অনুযায়ী ড. ফারুক হাসানকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, কোষাধ্যক্ষ পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা আগে ঘটে সেই সংখ্যা পর্যন্ত হবে। তিনি মাসিক সম্মানী প্রাপ্য হবেন এবং পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
ড. ফারুক হাসান সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত দায়িত্ব পালন করবেন। এছাড়া, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।