চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই জানিয়েছে, তাদের দুটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে গিয়ে অন্য একটি এআই প্রতিষ্ঠানের সিস্টেমে হ্যাকিংয়ের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনা ঘটে মঙ্গলবার (২১ জুলাই) তাদের পরিচালিত একটি অভ্যন্তরীণ পরীক্ষার সময়।
ওপেনএআইয়ের দাবি, নতুন প্রকাশিত জিপিটি ৫.৬ (GPT-5.6 Sol) এবং একটি আরও উন্নত এআই মডেল পরিচালিত একটি স্বয়ংক্রিয় এজেন্ট পরীক্ষার নির্ধারিত পরিবেশ থেকে বেরিয়ে উন্মুক্ত ইন্টারনেটে প্রবেশ করে। এরপর এটি চুরি করা লগইন তথ্য ব্যবহার করে এবং একটি নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে হাগিং ফেসের সার্ভারে প্রবেশ করে।
হাগিং ফেসের সহ-প্রতিষ্ঠাতা ক্লেমেন্ট ডেলাঙ্গ বলেন, হামলার পেছনে কোনো শীর্ষস্থানীয় এআই গবেষণা প্রতিষ্ঠান থাকতে পারে বলে তাদের সন্দেহ ছিল। তবে তিনি বিশ্বাস করেন, ওপেনএআইয়ের পক্ষ থেকে কোনো ক্ষতিকর উদ্দেশ্য ছিল না। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, পুরো ঘটনাটি স্বয়ংক্রিয়ভাবে ঘটেছে, যা বিস্ময়কর।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগ ক্যাসার এই ঘটনাটিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এআই দ্রুতগতিতে উন্নত হচ্ছে, অথচ যথাযথ নিরাপত্তা বিধি নেই। তিনি এআই ব্যবস্থার জন্য স্বাধীন নিরাপত্তা পরীক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান।
উল্লেখ্য, এই তথ্য প্রকাশের কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে উন্নত এআই সিস্টেমের জাতীয় নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের কাঠামো অনুমোদন করেছেন।