লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে বানিয়ার দিঘি এলাকার ময়দা মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, এক অজ্ঞাত ব্যক্তি লালমনিরহাট ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ভেতরে এসে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানান, কুলাঘাট ইউনিয়ন থেকে লালমনিরহাট শহরে আসার পথে বানিয়ার দিঘি ময়দা মিলের সামনে দুই ব্যক্তি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন।
বিষয়টি জানতে পেরে হাসপাতালে তার বোন ভর্তি থাকা সত্ত্বেও মানবিকতার খাতিরে মো. সজল (২২) অ্যাম্বুলেন্সচালকের সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান।
মো. সজলের দেওয়া তথ্যমতে, ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান, একজন অচেতন অবস্থায় পড়ে আছেন এবং অপরজন গুরুতর আহত অবস্থায় হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছেন। পরে অ্যাম্বুলেন্সচালক ও মো. সজল আহত দুই যুবককে উদ্ধার করে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের জরুরি বিভাগে তাদের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে পরিচয় শনাক্ত করা হয়। নিহত যুবক মো. আরমান (২২), পিতা— শাহ আলম, গ্রাম— মদিনাপাড়া, থানা— সদর, জেলা— লালমনিরহাট। কর্তব্যরত চিকিৎসক প্রথমে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান। পরে পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান।
অপর আহত যুবক মো. রাব্বি (২৫), পিতা— মো. নাসির উদ্দিন, গ্রাম— বিসিক (০৭ নম্বর ওয়ার্ড), থানা— আদিতমারী, জেলা— লালমনিরহাট। তিনি সচেতন থাকলেও তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে, খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে জব্দ করেছে।
এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়েরের খবর পাওয়া যায়নি।