যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক নাগরিকত্ব-সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’ এর প্রকাশিত সর্বশেষ পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান তিন ধাপ উন্নীত হয়ে ৯৭তম স্থানে পৌঁছেছে। তবে, বাংলাদেশের নাগরিকেরা বর্তমানে মাত্র ৩৫টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পাচ্ছেন।
বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্যের ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যেখানে নাগরিকেরা ১৯২টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। অপরদিকে, আফগানিস্তানের নাগরিকেরা মাত্র ২২টি দেশে ভিসামুক্ত সুবিধা পান।
বাংলাদেশের পাসপোর্টের কার্যকারিতা ও সুযোগ দিন দিন সংকুচিত হচ্ছে। ২০২৪ সালের শুরুতে বাংলাদেশি নাগরিকেরা ৪২টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারতেন, যা ২০২৫ সালে ৩৯ এবং ২০২৬ সালে ৩৭টিতে নেমে আসে। সর্বশেষ হালনাগাদে আরও দুটি দেশ এই সুবিধা প্রত্যাহার করায় বর্তমানে সংখ্যা ৩৫-এ দাঁড়িয়েছে।
এই অবনমনের ফলে বৈশ্বিক চলাচলের ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের সীমাবদ্ধতা আরও বাড়ছে। মাত্র আড়াই বছরের ব্যবধানে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল গন্তব্যের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।