ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি দাবি করেছেন, পিকঅ্যাক্স মাউন্টেন এলাকায় কোনো ধরনের পারমাণবিক কার্যক্রম চলছে না। তিনি যুক্তরাষ্ট্রের অভিযোগকে মনগড়া অজুহাত বলে অভিহিত করেছেন।
বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘায়ি বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা ও হুমকি জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
তিনি আরও জানান, আন্তর্জাতিক নিরাপত্তা চুক্তির বাধ্যবাধকতা অনুযায়ী ইরানের সব পারমাণবিক কার্যক্রম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর কাছে ঘোষণা করা হয়েছে।
বাঘায়ি বলেন, পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই এবং যুক্তরাষ্ট্রের মনোযোগ ওই এলাকাকে কেন্দ্র করে আগ্রাসন ও নাশকতার জন্য একটি অজুহাত ছাড়া কিছুই নয়।
তিনি আইএইএর মহাপরিচালকের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেন এবং বলেন, ইরানের জনগণ দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত রয়েছে।