জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিলের সেবা চালু করেছে। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নীট প্রদেয় করের ওপর ৫ শতাংশ (সর্বোচ্চ ২৫ হাজার টাকা) প্রণোদনা দেওয়া হবে।
এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (২২ জুলাই) এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করসেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে ২২ জুলাই থেকে এই সুবিধা চালু করা হয়েছে।
২০২১ সালে অনলাইন রিটার্ন দাখিল ব্যবস্থা চালুর পর থেকে এটি করদাতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ২০২৫-২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা ই-রিটার্নের মাধ্যমে সফলভাবে আয়কর রিটার্ন দাখিল করেছেন।
এনবিআর জানায়, সব স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার প্রতিনিধিরা কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন।
করদাতারা www.etaxnbr.gov.bd সিস্টেমের মাধ্যমে বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে কর পরিশোধ করতে পারবেন। ই-রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে এনবিআরের কল সেন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সহায়তা পাওয়া যাবে।
এনবিআর সব করদাতার প্রতি আহ্বান জানিয়েছে যথাসময়ে আয়কর রিটার্ন দাখিল করার জন্য।