ফেনীর ছাগলনাইয়া পৌর শহরে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। বুধবার (২২ জুলাই) দুপুরে পৌর শহরের জিরো পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর ফারুক।
অভিযানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা তাজেল হোসেন হাওলাদার, পৌরসভার কর্মকর্তা মিজানুর রহমান, মোজাম্মেল হক বুলিসহ অন্যান্য পৌরসভার কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা। সরেজমিনে দেখা যায়, ছাগলনাইয়া বাজারে রাস্তার উভয় পাশে ও ফুটপাত দখল করে বিভিন্ন অস্থায়ী এবং স্থায়ী অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে।
এসব স্থাপনার কারণে বাজার এলাকায় প্রায়ই যানজট সৃষ্টি হচ্ছে এবং মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। অনেক সময় পথচারীদের রাস্তা ছেড়ে ফুটপাত দিয়ে চলাচল করতে বাধ্য হতে হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর ফারুক বলেন, ফুটপাত, সড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে উঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণে পৌর প্রশাসনের অভিযান চলমান থাকবে। তিনি জানান, জনসাধারণের চলাচলে স্বস্তি ফিরিয়ে আনা, যানজট নিরসন এবং শহরের সৌন্দর্য বজায় রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের সুযোগ দেওয়া হবে না।