November 12, 2026, 6:49 am

চাঁদপুরে মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ

চাঁদপুরে মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের কারণে একটি মসজিদের প্রধান প্রবেশপথে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, এ ঘটনায় মুসল্লিদের মসজিদে যাতায়াতে সমস্যা সৃষ্টি হচ্ছে।

সোমবার (২০ জুলাই) দুর্গাপুর ইউনিয়নের ভূঁইয়াকান্দি দক্ষিণপাড়া বাইতুল আমান জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলাম মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮২ সালে তিন ভাই—শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ও মনির হোসেনের সম্মতিতে মসজিদের নামে তিন শতাংশ জমি দান করা হয়। পরবর্তীতে রেকর্ড-সংক্রান্ত জটিলতা নিরসনে আরও এক শতাংশ জমি দান করা হয়। দীর্ঘদিন ধরে ওই জমিতে মসজিদের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাহানুর আলম জানিয়েছেন, প্রবেশপথ বন্ধ করে দেওয়ায় মুসল্লিদের নিয়মিত যাতায়াত ব্যাহত হচ্ছে। তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি করেছেন।

অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, তিনি মসজিদের জায়গায় নয়, নিজের জমিতে বেড়া দিয়েছেন। তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন বলেও জানান। মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা