গাজী সোহেল :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পুলিশি অভিযানে মাদক ব্যবসায়ীসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ছাড়া ধর্ষণ মামলায় একজন, বিকাশ প্রতারণা মামলায় একজন, পূর্বের ডাকাতির প্রস্তুতি মামলায় একজন, পূর্বের অপহরণ মামলায় একজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন থানার অফিসার ও ফোর্স সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন,এ.এস.এম তানভীন সিদ্দীকি (৩০), পশ্চিম কলাবাগ, সিদ্ধিরগঞ্জ; হিরা মনি খানম বর্ষা (২৮), সাহেবপাড়া, সিদ্ধিরগঞ্জ (স্থায়ী ঠিকানা বোয়ালখালী, ফরিদপুর); ফজলুল হক (৪০), কলাবাগ, সিদ্ধিরগঞ্জ; আমির হোসেন (২৫), শিমরাইল, সিদ্ধিরগঞ্জ (স্থায়ী ঠিকানা বরগুনা সদর); হৃদয় হোসেন (৩০), সরদারপাড়া মঠবাড়ী, সিদ্ধিরগঞ্জ; বাদশা (২৭), পূর্ব কলাবাগ, সিদ্ধিরগঞ্জ; মোঃ নিবির (২৪), সানারপাড়া, সিদ্ধিরগঞ্জ এবং মোঃ ফয়সাল (১৯), নয়াআটি মুক্তিনগর, সিদ্ধিরগঞ্জ (স্থায়ী ঠিকানা দক্ষিণ আইচা, ভোলা)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আরও এক-দুইজন অজ্ঞাতনামা ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।