মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশুটির নাম ইছাহাক আলী, বয়স ছিল মাত্র ১৯ মাস। সে উপজেলার বগারচর ইউনিয়নের টাঙ্গারিপাড়া গ্রামের বাসিন্দা মো. রাসেলের ছেলে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নানার বাড়ির উঠানে খেলা করছিল ইছাহাক। এক ফাঁকে পরিবারের কারো নজর এড়িয়ে সে বাড়ির পাশের পুকুরের দিকে চলে যায়। কিছুক্ষণ পর তাকে না পেয়ে স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে বেলা আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় শিশুটিকে দেখতে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে পানি থেকে তুলে আনা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়ে গিয়েছিল।
ঘটনাটি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন। তিনি জানান, খবর পাওয়ার পর কামালের বাত্তি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।