July 15, 2026, 12:15 pm

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড

মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে মো. সাজু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার পৌর এলাকার গোয়ালগাঁও এলাকায় জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ।
সাজু মিয়া পৌর এলাকার উত্তর বাজার জেলখানা রোডের বাসিন্দা আশরাফ আলীর ছেলে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই দণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাজু মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই উচ্ছৃঙ্খল আচরণ করতেন। অভিযানের সময় তাকে হাতেনাতে মাদক সেবনরত অবস্থায় আটক করার পর ঘটনাস্থলেই আদালত বসিয়ে সাজা ঘোষণা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক সংশ্লিষ্ট কোনো অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা