অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের প্রধান মুফতি শেখ মোহাম্মদ হুসেইনকে এক সপ্তাহের জন্য মসজিদ প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জেরুজালেম গভর্নরেটের এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার (১০ জুলাই) জুমার খুতবা প্রদান ও নামাজে ইমামতি করার পর ইসরাইলি বাহিনী শেখ মোহাম্মদ হুসেইনকে আটক করে। পরে তাকে মুক্তি দেওয়া হলেও আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক সপ্তাহ প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরাইলি পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক বছরগুলোতে আল-আকসা মসজিদের খতিব ও ধর্মীয় নেতাদের বিরুদ্ধে এ ধরনের নিষেধাজ্ঞা একাধিকবার আরোপ করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।
শুক্রবার আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে কয়েক দশক ধরে হাজার ফিলিস্তিনি মুসল্লি সমবেত হন। পবিত্র এই স্থানে ইসরাইলের পদক্ষেপ নিয়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে।
গত রোববার প্রকাশিত ফিলিস্তিনের আওকাফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, জুন মাসে ইসরাইলি বাহিনী ২৬ বার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অভিযান চালিয়েছে। জুন মাসে ইসরাইলি বাহিনীর নিরাপত্তায় মাগরিবি (মুঘরাবি) গেট দিয়ে সকাল ও বিকেলের নির্ধারিত দর্শনার্থী সময়ে ৪ হাজার ২১২ জন ইসরাইলি আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন।