July 10, 2026, 6:16 pm

“আলোকিত লালমনিরহাট” গড়ার লক্ষ্যে মাদক ও জুয়া বিরোধী অভিযান, সটকে পড়ল জুয়াড়িরা

​লালমনিরহাট প্রতিনিধি :

‘আলোকিত লালমনিরহাট’ গড়ার লক্ষ্যে মাদক, জুয়া ও ক্যাসিনো বিরোধী তৎপরতা জোরদার করেছে স্থানীয় সচেতন মহল দারা গঠিত কমিটি,জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ।

এরই ধারাবাহিকতায় লালমনিরহাট পৌরসভার, ৯টি ওয়ার্ড এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাশাপাশি প্রথম বারের মতো, আদিতমারী উপজেলাতেও চলছে বিশেষ অভিযান।

​গতকাল (৯ জুলাই) রাত ৮টা ২০ মিনিটে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ১০ সদস্যের গ্রাম পুলিশের একটি চৌকস দল এ রকমই একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
​স্থানিয় ও গ্রাম পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর ইউনিয়নের পাগলার বাজার সংলগ্ন গিদারী নদীর তীরে বসে থাকা একটি জুয়ার আসরে আকস্মিক হানা দেয় গ্রাম পুলিশ। তবে দূর থেকে গ্রাম পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা দ্রুত পাশের নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব না হলেও জুয়ার আসর থেকে বিপুল পরিমাণ তাস, মুড়ি এবং বেশ কয়েক জোড়া স্যান্ডেল আলামত হিসেবে জব্দ করা হয়।

​গ্রাম পুলিশের এই সাহসী ও তাৎক্ষণিক অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা এলাকা থেকে মাদক, জুয়া ও ক্যাসিনোসহ সব ধরনের অপরাধ দমনে গ্রাম পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং এই তৎপরতা অব্যাহত রাখার দাবি জানান।
​অভিযানের বিষয়ে গ্রাম পুলিশ সদস্য মো: রবিউল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, “দুর্গাপুর ইউনিয়নকে মাদক, জুয়া, ক্যাসিনোসহ সব ধরনের সামাজিক অপরাধমুক্ত রাখতে আমাদের এই অভিযান নিয়মিত চলবে। আমরা এলাকার সর্বস্তরের মানুষকে এসব অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার এবং সুস্থ সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”

​স্থানীয় সচেতন মহলের মতে, ইউনিয়ন জুড়ে গ্রাম পুলিশের এমন নিয়মিত ও কঠোর অভিযান পরিচালিত হলে এলাকায় অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সহজ হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা