July 9, 2026, 8:01 am

চীনে টাইফুন মায়সাকের তাণ্ডবে নিহত ৩৮, বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষতি

চীনে টাইফুন মায়সাকের তাণ্ডবে নিহত ৩৮, বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষতি

চীনে টাইফুন মায়সাকের প্রভাবে ভারি বৃষ্টি, বন্যা ও ভূমিধসে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। এই দুর্যোগের ফলে একটি জলাধারের বাঁধ ভেঙে গেছে এবং হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলের গুয়াংসি অঞ্চলে টাইফুনের কারণে ছয়জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। গুয়াংসিতে ৪০টিরও বেশি নদী বিপৎসীমা অতিক্রম করে উপচে পড়েছে, যার ফলে ১৩ হাজার একর কৃষিজমির ক্ষতি হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি জলাধারের কংক্রিটের বাঁধ ভেঙে প্রবল স্রোতে পানি বেরিয়ে যাচ্ছে। উদ্ধারকর্মীরা লাইফ জ্যাকেট পরে দুর্গতদের উদ্ধারে কাজ করছেন।

চীনের কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় অতিরিক্ত ত্রাণসামগ্রী, খাদ্য ও রাবারের নৌকা পাঠিয়েছে। গুয়াংসিতে দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

মধ্যাঞ্চলের হুবেই প্রদেশে বজ্রঝড় ও তীব্র বাতাসে ১১ জন নিহত এবং ৩৩১ জন আহত হয়েছেন। উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এই বিষয়টি নিশ্চিত করেছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধারকারী বাহিনীকে জরুরি ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা