June 26, 2026, 7:33 pm

দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান: গাঁজা-ইয়াবাসহ আটক ৪

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা, ২০০ পিস ইয়াবা ও ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে উপজেলার ১১ নম্বর মরিচা ইউনিয়নের লোটন গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে মো. হাবিবুর রহমান (৫০)-এর দখল থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে, ১ নম্বর শিবরামপুর ইউনিয়নের দেউলি গ্রামের শহিদ মিয়ার ছেলে মো. আলমগীর হোসেন (৩৫)-এর দখল থেকে ২০০ পিস ইয়াবা ও ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় পৃথকভাবে ২৩ ও ২৪ নম্বর মামলা রুজু করা হয়েছে।
এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে গাঁজা সেবনের দায়ে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া চোঙ্গাখাতা এলাকার মৃত বাদুল্লাহর ছেলে মো. মোস্তফা (৪৮) এবং বীরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুজালপুর এলাকার জামালের ছেলে মো. রানা (৩৫)-কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্তদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা