June 21, 2026, 6:46 pm

মোটরসাইকেল দূর্ঘটনায় আহত সাংবাদিক বাদশার খোঁজ নিতে বাসায় যুবদল নেতা এম. ইলিয়াছ আলী

মতলব উত্তর প্রতিনিধি :
সড়ক দুর্ঘটনায় আহত মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক জাকির হোসেন বাদশার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাসভবনে গেছেন ১১নং ফতেহপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াছ আলী। রবিবার (২১ জুন) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের লতরদী গ্রামের নিজ বাড়িতে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ১১নং ফতেহপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির নেতা জাহাঙ্গীর সরকার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বিল্লাল হোসেন শান্ত, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম মুকুল, ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক, ১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাঈম হাসান এবং যুবদল নেতা কাজী সুজনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তারা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় এম. ইলিয়াছ আলী বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। সাংবাদিক জাকির হোসেন বাদশা দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তাঁর দুর্ঘটনার খবর শুনে আমরা উদ্বিগ্ন হয়েছি। মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করছি।

নেতৃবৃন্দ সাংবাদিকের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

অসুস্থতার খবর পেয়ে বাসায় এসে খোঁজখবর নেওয়ায় এম. ইলিয়াছ আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংবাদিক জাকির হোসেন বাদশা। তিনি বলেন, আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যারা আমার বাসায় এসেছেন এবং সুস্থতার জন্য দোয়া করেছেন, তাদের সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবার দোয়া ও ভালোবাসায় আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। আল্লাহ যেন সবাইকে সুস্থ ও ভালো রাখেন।

উল্লেখ্য, গত ৩ মে ফরাজিকান্দী মাদ্রাসার বার্ষিক ওরশ শরিফের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ফরাজিকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন সাংবাদিক জাকির হোসেন বাদশা। দুর্ঘটনায় তাঁর ডান পায়ের গোড়ালির একটি হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে জাকির হোসেন বাদশা বলেন, ওরশ শরিফের সংবাদ সংগ্রহ শেষে সহকর্মী সাংবাদিক তুহিন ফয়েজের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। পথে হঠাৎ এক বয়স্ক নারী মোটরসাইকেলের সামনে চলে এলে তাকে বাঁচাতে দ্রুত ব্রেক করা হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আমার পায়ের ওপর পড়ে যায়। ফলে পায়ের গোড়ালির হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাই।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ছেংগারচর বাজারের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরে আসেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

সাংবাদিক জাকির হোসেন বাদশা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের লতরদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মনির হোসেনের ছেলে। তিনি বর্তমানে জাতীয় দৈনিক বাংলাদেশের আলো, আইপি টেলিভিশন নিউজ-২১ এবং স্থানীয় দৈনিক চাঁদপুর সংবাদ-এ কর্মরত রয়েছেন।

এদিকে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা