June 17, 2026, 2:19 pm

সাভারে মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রধান শিক্ষক

সাভারের তেঁতুলঝোড়া এলাকায় অবস্থিত শামসুল উলূম খাদিমুল ইসলাম মাদরাসার এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মাওলানা গোলাম রাব্বানীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে অভিযুক্ত শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তেঁতুলঝোড়া এলাকা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শামসুল উলূম খাদিমুল ইসলাম মাদরাসার এক শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ জানান, একাধিকবার ধর্ষণের অভিযোগ এনে মঙ্গলবার রাতে মামলা করেন ভুক্তভোগীর বাবা। বিষয়টি মামলা হিসেবে নথিভুক্ত হওয়ার পর রাতেই অভিযান চালিয়ে মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা