মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোসাম্মৎ শামসুন্নাহার (৭০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুন্নাহার ওই গ্রামের মৃত আরজাহানের স্ত্রী।
স্বজনদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার রাতে শামসুন্নাহারের বাড়িতে ধর্মীয় তালিম (মহিলা তালিম) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা নিজ নিজ বাড়িতে ফিরে যান। পরে রাত সাড়ে ১২টা থেকে শনিবার সকাল ৮টা ২০ মিনিটের মধ্যে কোনো এক সময়ে বাড়ির বাইরে ঝুলে থাকা একটি বৈদ্যুতিক বাতির তার ঠিক করতে যান তিনি। এ সময় অসাবধানতাবশত খোলা বিদ্যুতের তারে স্পর্শ করলে ঘটনাস্থলেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের বাইরে পড়ে থাকতে দেখে উদ্ধার করার চেষ্টা করলে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।