মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে ভারত থেকে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সীমান্তে বিজিবি ও বিএসএফ সদস্যরা মুখোমুখি অবস্থান নেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও লাঠিসোঁটা নিয়ে পাহারায় অংশ নিয়েছেন।
বুধবার সকালে রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় ৫৮ বছর বয়সী এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। পরে তাকে কাঁটাতারের বেড়া অতিক্রম করিয়ে নো-ম্যান্স ল্যান্ডে রেখে দেওয়া হয় বলে জানা গেছে।
খবর পেয়ে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুশইনের চেষ্টা প্রতিহত করেন। এ সময় স্থানীয় লোকজনও বিজিবির সঙ্গে অবস্থান নিয়ে সীমান্তে নজরদারি শুরু করেন। এতে দুই দেশের সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি বাংলাদেশের দিকে আসার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ফিরিয়ে দেন, আবার ভারতের দিকে গেলে বিএসএফ সদস্যরা বাধা দেন। এ ঘটনায় সীমান্ত এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়ার মতো পরিস্থিতিও সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল ১০টার দিকে জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক এবং নন্দীরচর বিএসএফ ক্যাম্পের এক কর্মকর্তার নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ আলোচনার পরও কোনো সমাধান না হওয়ায় উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি।
বর্তমানে ওই ব্যক্তিকে নো-ম্যান্স ল্যান্ডেই রাখা হয়েছে বলে জানা গেছে। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং স্থানীয় বাসিন্দারাও রাত জেগে পাহারা দিচ্ছেন।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, গত কয়েকদিন ধরেই সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা চলছে। বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি মোকাবিলা করছে।