May 25, 2026, 4:24 pm

হরমুজ পেরিয়ে চীন, পাকিস্তান, ভারতে যাচ্ছে তিন জাহাজ

ইরানের নিয়ন্ত্রণে থাকা জলপথ হরমুজ প্রণালি পেরিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) তিনটি জাহাজ চীন, পাকিস্তান ও ভারতের দিকে যাচ্ছে। জাহাজ চলাচল ট্র্যাক করার ডেটা অনুযায়ী, এগুলো গত কয়েকদিনে প্রণালি অতিক্রম করেছে।

এলএসইজি ও কেপলারের জাহাজ চলাচল সংক্রান্ত ডেটা অনুযায়ী, ‘ফুওয়াইরিত’ নামের একটি এলএনজি ট্যাংকার সোমবার হরমুজ অতিক্রম করেছে। মঙ্গলবার সেটি পাকিস্তানে পণ্য খালাস করবে বলে আশা করা হচ্ছে। বাহামার পতাকাবাহী এই জাহাজটি গত ২৮ মার্চের দিকে কাতারের রাস লাফান বন্দর থেকে এলএনজি বোঝাই করে।

ফুওয়াইরিত ট্যাংকারটির মালিকানাধীন প্রতিষ্ঠান জাপানের ‘মিতসুই ওএসকে লাইনস’ এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এদিকে ‘আল রাইয়ান’ নামের আরেকটি এলএনজি ট্যাংকারও জলপথটি অতিক্রম করেছে। রাস লাফান বন্দর থেকে মালামাল বোঝাই করা এই জাহাজটিকে সবশেষ গত ২২ মে পারস্য উপসাগরে দেখা গিয়েছিল। বর্তমানে এটি ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালি বাইরে অবস্থান করছে। এলএসইজি ও কেপলারের তথ্য অনুযায়ী, আগামী ২৭ জুন জাহাজটি চীনে মালামাল খালাস করতে পারে।

আল রাইয়ানের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘কাতার এনার্জি’র সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকেও তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। জানা গেছে, আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির ব্যবস্থাপনায় পরিচালিত একটি তেলবাহী ট্যাংকারও প্রণালি অতিক্রম করেছে।

এদিকে ইরাকের অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকারও চীনের উদ্দেশ্যে রওনা হয়েছে। যুদ্ধের কারণে প্রায় তিন মাস ধরে এটি হরমুজে আটকে ছিল। ইরানের নির্দেশিত একটি ট্রানজিট রুট ব্যবহার করে চলতি মাসে কয়েকটি সুপারট্যাংকার পারস্য উপসাগর ছেড়ে যায়। গত সপ্তাহে, ৬০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে তিনটি বিশাল আকৃতির জাহাজ চীন ও দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা