May 25, 2026, 3:28 pm

পাটগ্রামে মৃত গরুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধনে হামলা, আহত কয়েকজন

লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের জনতার বাজার এলাকায় মৃত গরুর মাংস বিক্রির অভিযোগের প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন সাধারণ মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২৫ মে) দুপুরে জনতার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মৃত গরুর মাংস বিক্রির অভিযোগ উঠে আসছিল। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে তারা ঘটনার প্রতিবাদ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে একটি শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন চলাকালে প্রতিপক্ষের কিছু লোক আকস্মিকভাবে এসে কর্মসূচিতে বাধা দেয় এবং একপর্যায়ে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে কয়েকজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা