গাজী সোহেল :
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ নারায়ণগঞ্জের বিভিন্ন পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব-১১। ঈদযাত্রা স্বস্তিদায়ক করা এবং কোরবানির পশুর হাটে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যেই বিশেষ টহল কার্যক্রম ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
প্রতিবছর ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ, যানজট এবং পশুর হাটে অজ্ঞান পার্টি, মলম পার্টি ও জাল টাকা চক্রের তৎপরতা বৃদ্ধি পায়। এসব অপরাধী চক্রের দৌরাত্ম্য প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবার আগাম বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে র্যাব-১১।
মহাসড়কে ছিনতাই, চাঁদাবাজি ও যাত্রী হয়রানি প্রতিরোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে র্যাবের বিশেষ টহল টিম। পাশাপাশি সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে, যাতে কোনো ধরনের অবৈধ অস্ত্র, মাদক বা অপরাধমূলক কার্যক্রম পরিচালিত না হতে পারে।
এছাড়া ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে জেলা প্রশাসন নারায়ণগঞ্জের সহায়তায় চিটাগাং রোড, সাইনবোর্ড ও চাষাড়া মোড়সহ বিভিন্ন বাস কাউন্টারে মোবাইল কোর্ট পরিচালনা ও সার্বক্ষণিক নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে। একই সঙ্গে কোরবানির পশুর হাটগুলোতেও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-১১ সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।