সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনার বুকে সাহস থাকলে তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করুন। আমরাও চাই তিনি দেশে ফিরে আদালতের মুখোমুখি হোন। বুক ফুলিয়ে দেশে আসবেন, তার কত সাহস সেটাও আমরা দেখতে চাই।
বুধবার (২০ মে) সকালে সাভার এর পশ্চিম ব্যাংক টাউন এলাকায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য নির্মাণাধীন ক্রীড়া কমপ্লেক্স প্রকল্প এলাকা পরিদর্শন ও পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গত ৫ আগস্ট আমরা তার সাহস দেখেছি। তিনি দেশে ফিরে আসুন, আইসিটির মুখোমুখি হোন, আমরাও তাই চাই। আদালত যদি তাকে খালাস দেয় তাহলে তিনি মুক্ত হয়ে যাবেন।
তিনি প্রশ্ন রেখে বলেন, গত ৫ আগস্ট যেভাবে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, এরপর তিনি কীভাবে দেশে ফিরবেন? একই সঙ্গে তিনি দাবি করেন, দেশের মানুষও চায় শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করুন।
বর্তমান সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তিনি বলেন, দুর্নীতি করে কেউ পার পাবে না। এই প্রকল্পের পরিচালক আবদুল্লাহ আল মামুন যদি কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত থাকেন, তাহলে তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে প্রকল্প পরিচালক আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক দুর্নীতির অভিযোগ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে মন্ত্রীর কাছে সাংবাদিকরা প্রশ্ন করলে ঘটনাস্থলে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় অভিযুক্ত প্রকল্প পরিচালক আবদুল্লাহ আল মামুন তাৎক্ষণিকভাবে পর্যালোচনা মিটিংয়ে অংশগ্রহণ না করে দ্রুত নিজের গাড়ি নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।