May 17, 2026, 4:42 am

সাবেক সিআরআই নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস সীমান্ত এলাকা থেকে আটক

লালমনিরহাট প্রতিনিধি :
সাবেক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর নির্বাহী পরিচালক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) মোঃ সাব্বির বিন শামসকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তসংলগ্ন এলাকা থেকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) সকাল প্রায় ১০টার দিকে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হক জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের পরিচয় প্রকাশ করেন এবং জানান, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলেন। এ সময় তার কাছ থেকে ব্যবহৃত বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সাব্বির বিন শামস ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

জানা যায়, গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ভারতে অবস্থান করছিলেন। দীর্ঘ সময় সেখানে থাকার পর সম্প্রতি বাংলাদেশে ফেরার চেষ্টা করলে সীমান্ত এলাকায় তাকে আটক করা হয়।

বর্তমানে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে। এছাড়া অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। সাব্বির বিন শামস প্রতিষ্ঠানটির সাবেক নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ হাইকমিশন, লন্ডনে মিনিস্টার পদে দায়িত্ব পালন করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা