মোঃ মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাটে ১৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
এ সময় মোটরসাইকেলসহ পাঁচজনকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি গভীর রাত থেকে ভোর পর্যন্ত একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কুলাঘাট বিজিবির বিশেষ বিওপি সদস্যরা ভারতীয় টাপেন্ডাডল ট্যাবলেটসহ একজনকে আটক করে। গংগারহাট বিওপির পৃথক অভিযানে মোটরসাইকেলযোগে বহনকৃত ভারতীয় টাপেন্ডাডল ট্যাবলেট জব্দসহ আরও একজনকে আটক করা হয়।
এছাড়া শিংঝাড় বিওপির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ইস্কাফ সিরাপ জব্দসহ তিনজনকে আটক করা হয়।
অপরদিকে বনচৌকি বিওপির সদস্যরা মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
উল্লেখ্য, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে ১৫ বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে