মো:মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট জেলা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে জেলা পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
এরই অংশ হিসেবে লালমনিরহাট জেলা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারী ) লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স/কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শাহাদাত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব শেখ মোঃ জিয়াউল আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব জয়ন্ত কুমার সেনসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি)।
এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান জোরদার, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলার অগ্রগতি, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তার কার্যক্রম নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান বলেন,
“নির্বাচনকে”কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা কিংবা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না ঘটে,
সে বিষয়ে সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
জনগণের জান-মাল নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আইন অনুযায়ী দায়িত্ব পালনের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে জেলা পুলিশ সর্বোচ্চ ভূমিকা রাখবে।