February 15, 2026, 2:43 am

নারায়ণগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে পোস্টাল ব্যালট গ্রহণ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে ডাক বিভাগ থেকে আগত পোস্টাল ব্যালট গ্রহণ ও সংরক্ষণ করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রায়হান কবিরের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কার্যক্রম সম্পন্ন হয়। এদিন মোট ২৭টি পোস্টাল ব্যালট গ্রহণ করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবির জানান, “সব প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে ডাক বিভাগ হতে আগত পোস্টাল ব্যালট গ্রহণ ও সংরক্ষণ করা শুরু হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেলে এই কার্যক্রম চলবে। এবারের নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা বিচ্যুতির সুযোগ নেই।”
এদিকে, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদানের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের ২৪ হাজার ১৪৭ জন ভোটার নিবন্ধন করেছেন।
পোস্টাল ব্যালট গ্রহণ ও সংরক্ষণ কার্যক্রমে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হুসাইন ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. রাকিবুজ্জামান উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা