মো:মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট জেলা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দলীয় মনোনয়নপ্রাপ্ত লালমনিরহাট সদর-৩ আসনের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব (দুলু) লালমনিরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে একযোগে শুরু হওয়া এই গণসংযোগ কর্মসূচিতে তিনি ব্যতিক্রমী বাহনে প্রচারণা চালান।
তিন চাকার একটি অটোরিকশায় করে ওয়ার্ড থেকে ওয়ার্ডে ঘুরে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় অটোরিকশাটির চালকের দায়িত্ব পালন করেন তার বড় ছেলে এবং সঙ্গে ছিলেন তার সহধর্মিণী।
পৌরসভার প্রতিটি মহল্লায় গিয়ে তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট প্রদানের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
পথসভাগুলোতে বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব বলেন, নির্বাচনে জয়লাভ করলে তিনি বাংলাদেশসহ লালমনিরহাট জেলার সার্বিক উন্নয়ন, তিস্তা বাঁচাও কর্মসূচি এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়নে অগ্রাধিকার পাবে।
ব্যতিক্রমী এই প্রচারণা পদ্ধতিতে প্রার্থীকে তার পরিবারসহ সাধারণ মানুষের কাতারে দেখা যাওয়ায় পৌরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।
বিশেষ করে প্রার্থীর বড় ছেলে ও সহধর্মিণীকে একসঙ্গে অটোরিকশাযোগে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখে অনেকেই সন্তোষ প্রকাশ করেন।