February 12, 2026, 9:16 am

লালমনিরহাটে ১৫ বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ।

মো: মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট জেলা প্রতিনিধি :
লালমনিরহাটে সীমান্তবর্তী এলাকায় ১৫ বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

১৫ বিজিবি সূত্রে জানা যায়, চলমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৫ জানুয়ারি বিকেলে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার খামারভাতী গ্রামে ঝাউরানী বিওপি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি বাড়ির গরুর ঘরের মাটির নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৯৬৪ বোতল ইস্কাপ সিরাপ, ৭২ বোতল ফেন্সিডিল, ৪১ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়াও একই দিন রাতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভেন্নিরতল এলাকায় টহলকালে চোরাকারবারীরা মালামাল ফেলে সীমান্ত পেরিয়ে পালিয়ে গেলে বিজিবি সদস্যরা ৪৭ বোতল কিংফিসার মদ ও ৬ বোতল টুবর্গ বিয়ার জব্দ করে।

বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মোট সিজার মূল্য ৫ লাখ ২৭ হাজার ৮০০ টাকা। এ ঘটনায় জড়িতদের শনাক্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন,

“সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা