November 26, 2026, 2:29 pm

যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে ভারতের কড়া জবাব

যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের (ইউএসটিআর) নতুন নোটিশের কড়া জবাব দিয়েছে ভারত। বুধবার ওই নোটিশ জারির পরই ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশের কোনো শিল্পক্ষেত্রেই প্রয়োজনের অতিরিক্ত উৎপাদনক্ষমতা তৈরি করা হয়নি এবং যুক্তরাষ্ট্রের এমন আশঙ্কা পুরোপুরি ভিত্তিহীন।

ইউএসটিআরের সেই নোটিশ (নোটিশ অব ডিটারমিনেশন অ্যান্ড রিকোয়েস্ট ফর কমেন্টস) জারি হওয়ার পর ভারত সরকারিভাবে বিবৃতি দেয়। তাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ‘সেকশন ৩০১’ তদন্তের পরিপ্রেক্ষিতে জারি করা সিদ্ধান্ত ও সেই সংক্রান্ত নোটিশটি সরকার পরীক্ষা করে দেখছে। দেশের কোনো শিল্প খাতেই কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই।

বিবৃতিতে ভারত সরকারের অবস্থান স্পষ্ট জানিয়ে বলা হয়, বাণিজ্যসংক্রান্ত যেকোনো বিষয় দ্বিপক্ষীয় আলোচনার কাঠামোর মধ্যেই সমাধান করা উচিত। ভারত জানিয়েছে, দ্রুত একটি বাণিজ্যচুক্তি চূড়ান্ত করার জন্য তারা ওয়াশিংটনের সঙ্গে কাজ চালিয়ে যাবে।

মার্কিন বাণিজ্য দপ্তর বুধবার ওই নোটিশ আনুষ্ঠানিকভাবে জারি করে। ভারতসহ ১৪টি দেশের পণ্য উৎপাদন নীতি নিয়ে তদন্ত চালানোর পর জারি করা ওই নোটিশে দেশগুলোর ওপর নতুন শুল্কহার চাপানো হয়েছে।
ভারতের ক্ষেত্রে সেই হার ২৫ শতাংশ। যদিও তারা জানিয়েছে, নয়াদিল্লি-ওয়াশিংটন বাণিজ্যচুক্তি চূড়ান্ত হলে ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্কের হার ১৭ শতাংশ হতে পারে।
যুক্তরাষ্ট্রের সন্দেহ, ভারত ও বাংলাদেশসহ ওই ১৪টি দেশ তাদের কারখানায় প্রয়োজনের তুলনায় অনেক বেশি পণ্য উৎপাদন করছে। এর ফলে বিশ্ববাজারে পণ্যের দামে প্রভাব পড়ছে।

ওই ১৪ দেশের মধ্যে চীনের ক্ষেত্রে শুল্ক জারি হয়েছে সবচেয়ে বেশি। ৪০ শতাংশ। চুক্তি হলে যা ২০ শতাংশে দাঁড়াবে। সবচেয়ে কম শুল্ক সীমা সিঙ্গাপুরের ক্ষেত্রে। মাত্র ১০ শতাংশ। ভারতের ক্ষেত্রে চুক্তি হলে ১৭ শতাংশ, না হলে ২৫ শতাংশ। বাংলাদেশের ক্ষেত্রে সর্বোচ্চ প্রস্তাব ১৮ শতাংশ।

চীনের পর দ্বিতীয় সর্বোচ্চ শুল্ক চাপানো হয়েছে ভিয়েতনামের ওপর। ৩৫ শতাংশ। চুক্তি হলে যা ২০ শতাংশে নামবে। কম্বোডিয়া ও মালয়েশিয়ার ক্ষেত্রে তা ১৮ শতাংশ। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সুইজারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে শুল্ক হবে ১৫ শতাংশ হারে। এ বিষয়ে দেশগুলোকে তাদের বক্তব্য ও মতামত লিখিতভাবে জমা দিতে হবে ৫ জানুয়ারির মধ্যে। শুনানি ২৫ জানুয়ারি।

যুক্তরাষ্ট্রের ওই তদন্ত প্রক্রিয়া শুরুর পর থেকেই ভারত তাদের সঙ্গে সব রকমভাবে সহযোগিতা করছে বলে জানিয়েছে। তদন্ত শুরু হওয়ার সময় ও তার পরের প্রতিটি ধাপে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। অতিরিক্ত উৎপাদন সক্ষমতার শঙ্কা যে অমূলক, তা জানিয়েছে।

বিবৃতিতে ভারত বলেছে, ২০২৬ সালে ২ ফেব্রুয়ারি বাণিজ্যচুক্তির ঘোষণা হয়েছিল। ৭ ফেব্রুয়ারি দুই দেশ এক যৌথ বিবৃতিও প্রকাশ করেছিল। সেই ঘোষণার সঙ্গে সংগতি রেখেই নয়াদিল্লি ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি দ্রুত চূড়ান্ত করতে চায়। সে জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

যুক্তরাষ্ট্রের নতুন ২৫ শতাংশ শুল্কনীতি নিয়ে ভারতের শিল্পমহলে একই সঙ্গে উদ্বেগ ও আশাবাদ দুটিই দেখা গেছে। উদ্বেগের কারণ প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় প্রতিযোগিতা সক্ষমতা কমে যাওয়ায়, আশার ঝিলিক রয়েছে চুক্তি সই হলে শুল্কহার ১৭ শতাংশে নেমে আসার ক্ষেত্রে।

বাণিজ্যসংক্রান্ত আন্তর্জাতিক পরিষেবা সংস্থা ‘গ্রান্ট থর্নটন ভারত’-এর বিশেষজ্ঞরা মনে করছেন, সৌরশক্তি, ওষুধ, ইলেকট্রনিকস, রসায়ন, বস্ত্র, মূলধনি পণ্য, রত্ন ও গয়নাশিল্প এবং সামুদ্রিক পণ্যের মতো খাতগুলো মার্কিন তদন্তের আওতায় আসায় ‘মেক ইন ইন্ডিয়া’ ও প্রোডাকশন লিংকড ইনিশিয়েটিভ বা ‘পিএলআই’–এর মতো উদ্যোগে প্রভাব পড়বে। এই সিদ্ধান্ত রদ না হলে সরবরাহ শৃঙ্খল ক্ষতিগ্রস্ত হবে।

পাশাপাশি বাণিজ্যিক মহল বলছে, শুল্কহার যেহেতু ১৭ শতাংশে নেমে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তাই দ্রুত চুক্তি সম্পাদনের দিকে এগোনো দরকার। সে ক্ষেত্রে চীন ও ভিয়েতনামের তুলনায় ভারতের অবস্থান ভালো হবে।

ভারতের ব্যবসায়ী মহলের একাংশ আবার যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা ২৫ শতাংশ শুল্ক চাপানোর পক্ষে। এই মহল মনে করছে, তাতে মার্কিন ব্যবসায়ীরা ওয়াশিংটনের ওপর পাল্টা চাপ সৃষ্টি করতে পারবে।

চেম্বার অব ট্রেডিং ইন্ডাস্ট্রির (সিটিআই) পক্ষে থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পাল্টা ব্যবস্থা না নিলে ওষুধ, ইলেকট্রনিকস, রত্ন ও গয়না, চামড়া, ধাতু ও সামুদ্রিক পণ্যের বাজারে খারাপ প্রভাব পড়বে। পাঁচ লাখ মানুষের জীবিকা পড়বে ঝুঁকির মুখে। সিটিআই এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখবে জানিয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা