নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৪ আসামিসহ বিভিন্ন মামলায় মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) সোনারগাঁ থানা এলাকার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএমের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ৮ জনকে গ্রেপ্তার করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ৮ জনের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৪ জন, চুরি মামলায় ১ জন, মাদকসেবী হিসেবে ২ জন এবং ওয়ারেন্টভুক্ত ১ জন রয়েছেন।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— জামপুর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক হিসেবে পরিচিত আব্দুল জব্বার ভূইয়া (৪২), কাঁচপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত সজল (৩০), সোনারগাঁ থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত মোঃ আলমগীর হোসেন (৪৭) এবং সোনারগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে পরিচিত মোঃ নবীর হোসেন (৫০)।
এদিকে, চুরি মামলায় গ্রেপ্তার হয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিজানুর হাওলাদার বাদশা (২৮)।
অন্যদিকে, মাদকসেবী হিসেবে মোঃ হানিফ (৪০) ও মোঃ আশরাফ (২১) এবং ওয়ারেন্টভুক্ত আসামি গিয়াস উদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ইমরান হাসান, সিনিয়র ক্রাইম রিপোর্টার: