November 23, 2026, 5:36 am

ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় হামলা, ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় দুর্বৃত্তদের হামলায় আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা এক সহকারী উপপরিদর্শক (এএসআই) হামলার শিকার হলেও প্রাণে বেঁচে যান।

রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার হোসেন সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য হাশেমবাগ এলাকায় যান। সেখানে কয়েকজন তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন কনস্টেবল আনোয়ার। একপর্যায়ে তার মৃত্যু হয়। এ সময় এএসআই আব্দুস সাত্তার দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হামলার সময় আনোয়ারের সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার পালিয়ে প্রাণে বাঁচেন। তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে। এর আগে ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও গ্রেপ্তার করেছে। কনস্টেবল আনোয়ার হোসেনের ওপর হামলার পেছনে মাদক কারবারিদের কোনো চক্র জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ইমরান হাসান, সিনিয়র ক্রাইম রিপোর্টার:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা