স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের খেলাধুলায় দক্ষ করে তুলতে নতুন কুঁড়ি প্রতিযোগিতার ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ক্রীড়াবিদদের চিকিৎসা সুবিধার জন্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অর্থের অভাবে কোনো খেলোয়াড় যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। খেলোয়াড়রা যাতে তাদের প্রাপ্য সম্মান ও আর্থিক নিরাপত্তা পান, সেজন্য ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে। খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে চায় সরকার।
তিনি জানান, ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা চলছে, যাতে ক্রীড়া কার্ডে আরও নতুন সুযোগ-সুবিধা যুক্ত করা যায়। সরকার এসব উদ্যোগ নিচ্ছে, যাতে খেলোয়াড়রা খেলায় মনোযোগ দিতে পারেন এবং ক্রীড়াক্ষেত্রে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারেন।
মো. আমিনুল হক বলেন, এশিয়ান গেমস ও অলিম্পিকের মতো আন্তর্জাতিক ইভেন্টে বাংলাদেশ যাতে যোগ্যতা অর্জন করতে পারে, সেজন্য সারা বছর ক্যাম্প করা হবে। জানুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হবে।
তিনি আরও বলেন, নতুন কুঁড়ি প্রতিযোগিতায় যে ১০টি ইভেন্ট রয়েছে, তা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। যাতে কোমলমতি শিক্ষার্থীরা স্কুল থেকেই খেলাধুলায় পারদর্শী হয়ে উঠতে পারে। ক্রীড়া ক্ষেত্রে যারা দেশের জন্য অতীতে অবদান রেখেছেন, সেসব সাবেক ক্রীড়াবিদদের প্রথমবারের মতো ভাতা দেওয়া হবে। আগামী জানুয়ারি থেকে এ ভাতা প্রদান শুরু হবে।