November 13, 2026, 5:33 pm

বাঁশখালীতে একই কক্ষে বাবা ও যমজ দুই শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ির একটি কক্ষ থেকে জাহেদ হোসেন (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ এবং তাঁর সাত মাস বয়সী যমজ দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহতের স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর থেকে বিকেল ৩টার মধ্যে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি মাওলার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম জারিন ও জাসিয়া। প্রাথমিকভাবে শিশু দুটিকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

নিহত জাহেদ বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রয়াত বদিউল আলমের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন মানিক জানান, জাহেদের বাড়ি উপজেলার চাম্বল গ্রামে। তবে গত দেড় বছর ধরে তিনি শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

জাহেদের স্ত্রী আফিয়া বেগমের ভাষ্য, তিনি ও তাঁর মা ভিলেজার পাড়া মসজিদে মান্নত দিতে যান। যাওয়ার আগে জাহেদ নিজেই শিশুদের দেখাশোনা করবেন বলে জানান। এ সময় তিনি শিশুদের জন্য দুধ তৈরি করে বাড়ি থেকে বের হন। পরে বিকেলে স্বামীকে ফোন করে সাড়া না পেয়ে বাড়িতে ফিরে প্রধান ফটক ও ঘরের দরজা বন্ধ দেখতে পান।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান জানান, কক্ষটির দরজা ভেতর থেকে আটকানো ছিল। পরে ঘরের বেড়া কেটে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে প্রবেশ করেন। এ সময় ঝুলন্ত অবস্থায় জাহেদ এবং খাটের পাশে মেঝেতে দুই শিশুর মরদেহ পাওয়া যায়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পারিবারিক কলহ কিংবা মানসিক হতাশা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মামুদুল হাসান জানান, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এতে শাশুড়ির কাছে দুই লাখ টাকা পাওনার কথা লেখা রয়েছে। তবে চিরকুটটি জাহেদের লেখা কি না, তা যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা