November 13, 2026, 4:53 pm

গজনী অবকাশে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই

শেরপুরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র গজনী অবকাশে ঘুরতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের আট শিক্ষার্থী। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে পর্যটনকেন্দ্রটির ভেতরে অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে মুঠোফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, শিক্ষা সফরের অংশ হিসেবে শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ৮০ জনের একটি দল গজনী অবকাশে যান। সকালে নাশতা শেষে আট শিক্ষার্থী একসঙ্গে পর্যটনকেন্দ্রের বিভিন্ন স্থানে ঘুরছিলেন। এ সময় দুই ব্যক্তি আগ্নেয়াস্ত্র, ছুরি ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের পথরোধ করেন। পরে অস্ত্রের মুখে জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে মারধর করেন। একপর্যায়ে তাঁদের আটটি মুঠোফোন, মানিব্যাগ, নগদ টাকা, ব্যক্তিগত পোশাক ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তাঁরা।

ভুক্তভোগী শিক্ষার্থী রায়হান বলেন, সকালে নাশতা শেষে তাঁরা আটজন ঘুরছিলেন। হঠাৎ দুই ব্যক্তি তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে পিস্তল দেখিয়ে জঙ্গলের দিকে নিয়ে যান। সেখানে মাথায় পিস্তল ঠেকিয়ে সবার মুঠোফোন, মানিব্যাগ ও নগদ টাকা নিয়ে নেন। এরপর তাঁদের সামনে দিয়ে দৌড়াতে বলেন। পেছনে তাকালে গুলি করার হুমকিও দেন।

সমাজকর্ম বিভাগের প্রভাষক তানভীর হোসেন বলেন, তাঁরা সকাল ৮টার দিকে গজনী অবকাশে পৌঁছান। আট শিক্ষার্থী ঘুরতে বের হলে তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করা হয়। এ সময় তাঁদের মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পর্যটনকেন্দ্রটিতে বিপজ্জনক স্থান চিহ্নিত করে কোনো সতর্কতামূলক নির্দেশনা নেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছিল।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। ছিনতাই হওয়া মুঠোফোন উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

রা/এম

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা