নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলার তিনজন, সামারি ট্রায়ালের একজন, সিআর ওয়ারেন্টভুক্ত দুইজন এবং আগের মাদক মামলার দুই আসামি রয়েছেন।
গ্রেপ্তাররা হলেন, সন্ত্রাসবিরোধী মামলার আসামি মো. হায়দার খান (৩০), বাবুল ওরফে বাবু (২৪) ও সুমন মাহমুদ (৩৮)। সামারি ট্রায়ালে অভিযুক্ত আপন মিয়া (২০)। সিআর ওয়ারেন্টভুক্ত মো. রহমান কাজী ও শাহাদাত হোসেন কাজী। এ ছাড়া আগের মাদক মামলার আসামি মো. আনিস (২৬) ও মো. মোবারক হোসেন ওরফে কালে খান (২৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তার হায়দার খান ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক, বাবুল ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী এবং সুমন মাহমুদ ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি :