‘পোশাকশিল্প কেবল একটি শিল্প নয়, এটি আমাদের দেশের একটি স্বপ্ন। এই শিল্পে কর্মরত শ্রমিক ভাই-বোনেরাই সেই স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন। কোনোভাবেই যেন আমাদের এই স্বপ্ন নষ্ট না হয়।’ চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব কথা বলেছেন। তিনি বলেন, পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। এই শিল্পের সঙ্গে দেশের মানুষের স্বপ্ন ও ভবিষ্যৎ জড়িয়ে আছে।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রামে তৈরি পোশাকশ্রমিকদের জন্য বিশেষ খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
বৈশ্বিক যুদ্ধবিগ্রহ এবং জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাবে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় শ্রমজীবী মানুষের জীবনযাত্রায় চাপ সৃষ্টি হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ‘এটি বাস্তবতা। বিশেষ করে আমাদের শ্রমিক ভাই-বোনেরা কিছুটা অসুবিধার মধ্যে আছেন। তাঁদের সেই অসুবিধার কথা চিন্তা করেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। বাজারের প্রায় অর্ধেক দামে তাঁদের জন্য ১০ কেজি করে চালের ব্যবস্থা করা হয়েছে।’
সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, ‘আমরা দেশের জন্য যত কাজ করব, সরকারও আমাদের সেভাবে সুবিধা দিতে পারবে।’ শ্রমিকদের চাহিদার ভিত্তিতে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।
দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের ওপর গুরুত্ব দিয়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘এই দেশটা আমাদের, আপনাদের সবারই। এই দেশকে সুন্দর রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য এবং আমাদের স্বপ্নগুলো বাঁচিয়ে রাখার জন্য।’
দেশের কল্যাণের পথ থেকে কেউ যেন বিচ্যুত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘আমরা যেন এই দেশটাকে ভালোবাসি এবং আমাদের স্বপ্নগুলো বাঁচিয়ে রাখি।’
পোশাকশ্রমিকদের খাদ্যব্যয়ের চাপ কমাতে এবং সাশ্রয়ী মূল্যে চাল সরবরাহ নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় চট্টগ্রামে বিশেষ ওএমএস কার্যক্রম চালু করা হয়েছে।
এই কর্মসূচির আওতায় প্রতি শুক্রবার চট্টগ্রামের নির্ধারিত ১০টি স্থানে খোলা ট্রাকে প্রতি কেজি ৩০ টাকা দরে চাল বিক্রি করা হবে। একজন পোশাকশ্রমিক সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। এ জন্য তাঁকে ব্যয় করতে হবে ৩০০ টাকা।
প্রতিটি ট্রাকে দৈনিক পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ থাকবে। বিক্রি চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। চাল কেনার সময় সংশ্লিষ্ট পোশাক কারখানার পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক।
জেলা প্রশাসক জানান, শ্রমিকদের চাহিদার ভিত্তিতে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও তাঁদের প্রয়োজন বিবেচনায় সহায়তামূলক উদ্যোগ নেওয়া হবে।
জেলা প্রশাসক পোশাকশ্রমিকদের হাতে ভর্তুকি মূল্যের চাল তুলে দিয়ে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটওয়ারী, জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি এবং চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মো. সাকিব রেজওয়ান।
এ ছাড়া জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সংশ্লিষ্ট পোশাক কারখানার প্রতিনিধি এবং শ্রমিকেরা উপস্থিত ছিলেন।
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :