November 12, 2026, 3:32 pm

লালমনিরহাটে ১৫ কিলোমিটার মডেল খাল খনন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে ১৫ কিলোমিটার দীর্ঘ মডেল খাল খনন করা হচ্ছে। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান এ খনন কর্মসূচির উদ্বোধন করবেন। খালটি পুনঃখননের মাধ্যমে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মহেন্দ্রনগর ইউনিয়নের প্রস্তাবিত মডেল খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে জনগণের ম্যান্ডেট পেলে দেশের পরিত্যক্ত খালগুলো পুনঃখননের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে গত বছর থেকে খাল খনন কর্মসূচি জোরদার করা হয়েছে। চলতি বছর দেশের আটটি জেলায় ৩০টি মডেল খাল চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে লালমনিরহাটের মহেন্দ্রনগরের খালটি অন্যতম।

তিনি বলেন, এই মডেল খাল শুধু পানি নিষ্কাশনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটিকে বহুমুখী অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। খালের দুই পাড়ে বৃক্ষরোপণ, মাছ ও হাঁস চাষ এবং গবাদিপশুর জন্য ঘাস উৎপাদন করা হবে। এর মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি হবে।

খালের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় হতদরিদ্রদের নিয়ে ২০ সদস্যের একটি সমবায় সমিতি গঠন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, সমিতির সদস্যরা মাছ ও হাঁস চাষ, বৃক্ষরোপণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও তদারকি করবেন। এতে একদিকে খালের স্থায়িত্ব ও সুরক্ষা নিশ্চিত হবে, অন্যদিকে দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

তিনি আরও জানান, মহেন্দ্রনগর ইউনিয়ন থেকে শুরু হওয়া প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ খালটি তিস্তা নদীতে গিয়ে মিলিত হবে।

প্রধানমন্ত্রীর সফরসূচি প্রসঙ্গে মন্ত্রী বলেন, খাল খনন কর্মসূচির উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী লালমনিরহাটের এভিয়েশন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। এছাড়া ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক সংগঠনের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের কার্যক্রম তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, গ্রাম, ওয়ার্ড, থানা, উপজেলা ও জেলা পর্যায়ে সংগঠনটির কর্মীরা বাল্যবিবাহ, শিশু নির্যাতন, যৌতুক, মাদক, অনলাইন জুয়া ও নারীদের উত্ত্যক্তকরণসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কাজ করছেন। পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছেন।

মন্ত্রী দাবি করেন, সংগঠনটির কার্যক্রমের ফলে এ অঞ্চলের অনেক মাদকসেবী ও মাদক কারবারি অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। সামাজিক সম্পৃক্ততা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কীভাবে অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব, প্রধানমন্ত্রী সরেজমিনে সেই কার্যক্রম দেখতে আসবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আফজাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

লালমনিরহাট প্রতিনিধি:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা