যশোরের মনিরামপুর উপজেলার ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়নের চারটি সর্বজনীন কালীমন্দির পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মেহেদী হাসান (সুমন)। এ সময় তিনি মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন।
রোববার (৮ নভেম্বর) ব্যক্তিগত উদ্যোগে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার মন্দিরগুলো পরিদর্শন করেন। পরিদর্শন করা মন্দিরগুলো হলো—কপালিয়া পশ্চিমপাড়া সর্বজনীন কালীমন্দির, রজিপুর সর্বজনীন কালীমন্দির, মনোহরপুর দাসপাড়া সর্বজনীন কালীমন্দির এবং বয়ারখোলা সর্বজনীন কালীমন্দির।
মন্দির পরিদর্শনকালে মেহেদী হাসান সুমন সংশ্লিষ্ট মন্দির পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং উপস্থিত ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পূজা-পার্বণের পরিবেশ, ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা, এলাকার সামাজিক পরিস্থিতি এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি তিনি তাঁদের সুখ-দুঃখের কথা শোনেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে এক শুভেচ্ছা বার্তায় মেহেদী হাসান সুমন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত ভক্তদের আন্তরিক আতিথেয়তা, ভালোবাসা ও সম্মান প্রদর্শনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মন্দিরগুলোতে গিয়ে সবার সঙ্গে সরাসরি কথা বলা, তাঁদের সুখ-দুঃখের কথা শোনা এবং এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে জানার সুযোগ হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাঁকে যেভাবে বরণ করে নেওয়া হয়েছে, তা তাঁর হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে এ জনপদের প্রতিটি মানুষের সুখ-শান্তি, নিরাপত্তা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা তাঁর কাছে একটি গুরুত্বপূর্ণ নৈতিক দায়িত্ব। অতীতেও মানুষের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও এলাকার যেকোনো সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে একজন সেবক হিসেবে মানুষের পাশে থাকতে চান।
মেহেদী হাসান সুমন দলমত ও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান। একই সঙ্গে ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়নকে একটি সুন্দর, নিরাপদ ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, মো. মেহেদী হাসান (সুমন) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।
জেমস আব্দুর রহিম রানা, যশোর প্রতিনিধি: