November 9, 2026, 4:31 pm

সাঘাটায় শিক্ষার মানোন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধার সাঘাটায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, পাঠদান পদ্ধতির উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী শিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে প্রতিষ্ঠানটির মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উদ্বোধক ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউ বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. জাফর ইকবাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ডা. ময়নুল হাসান সাদিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, গাইবান্ধার জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আতাউর রহমান, সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী এবং সদস্য সচিব মোঃ সেলিম আহমেদ তুলিপ।

কর্মশালায় সভাপতিত্ব করেন সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি আ.শ.ম. রোকনুজ্জামান রিপন। কর্মশালার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সাঘাটা উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আমিরুল ইসলাম।

এতে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ রওশন আলম ও মোঃ নজরুল ইসলাম। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রুহুল আমিন।

কর্মশালায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সম্মিলিত দায়িত্ব ও ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আধুনিক, যুগোপযোগী ও কার্যকর পাঠদান পদ্ধতি অনুসরণ এবং শিক্ষার্থীদের জন্য ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আলোচনায় বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন, এ ধরনের কর্মশালা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, পাঠদানের গুণগত মান উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজনে: সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সাঘাটা, গাইবান্ধা।

মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা