প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিয়েছিল। ঐতিহাসিক এ দিনটি বাংলাদেশের শত্রু ও মিত্র চিহ্নিত করার পাশাপাশি জাতীয় ঐক্যের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত চরম রূপ নিয়েছিল। এরই ধারাবাহিকতায় ২ নভেম্বর দিবাগত রাতে তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দি করা হয়। স্বাধীনতার ঘোষককে বন্দি রেখে দেশের স্বার্থবিরোধী যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করে। এ কারণে ৭ নভেম্বর দেশপ্রেমিক, জাতীয়তাবাদী ও গণতন্ত্রকামী মানুষের কাছে জাতীয় ঐক্যের চেতনার প্রতীক।
তারেক রহমান বলেন, ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ম্যাগনা কার্টার মতো গুরুত্বপূর্ণ। ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে বাংলাদেশের নাগরিক হিসেবে সবার পরিচয় একটাই, আমরা বাংলাদেশি। এই পরিচয়ই জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। বাংলাদেশ যত দিন থাকবে, তত দিন সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের গুরুত্ব ও তাৎপর্য প্রাসঙ্গিক থাকবে। এ বিপ্লবের নায়ক দেশপ্রেমিক সিপাহী-জনতা।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে দেশের স্বাধীনতার জন্য সম্মুখযুদ্ধে অংশ নিয়েছিলেন, ৭ নভেম্বরও একইভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, যে দেশের তরুণ প্রজন্ম জাতীয়তাবোধে অনুপ্রাণিত নয়, সে দেশের জাতীয় ঐক্য সুদৃঢ় হতে পারে না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে তরুণরা দেশের স্বার্থে আপসহীন ভূমিকা রেখেছে। সবকিছুর ঊর্ধ্বে বাংলাদেশ।
ভবিষ্যতে কেউ যেন জনগণের অধিকার হরণ করতে কিংবা দেশকে অন্যের তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেটিই ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। এ অঙ্গীকার বাস্তবায়নে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের আর্থসামাজিক ও ভৌগোলিক বাস্তবতায় জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের চেতনা ধারণ করতে হবে।
বর্তমান সরকার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর উল্লেখ করে তারেক রহমান বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং গণতন্ত্র বিপন্ন হওয়ার প্রতিটি সংকটে ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় দেশ ঘুরে দাঁড়িয়েছে।