November 4, 2026, 7:43 pm

কটিয়াদীতে জামায়াত নেতার ছেলেকে ছুরিকাঘাত, ঢাকায় পাঠানো হলো

কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান (৪০)। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত শাহরিয়ারকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার জানান, শাহরিয়ারের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর ক্ষত হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়।

সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন জানান, ব্যক্তিগত কাজে গচিহাটা বাজারে গেলে তার ছেলের ওপর একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় জানতে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা